প্রথমদিন আলো কেড়েছেন নাজমুল হোসেন শান্ত, দ্বিতীয় দিনে স্পটলাইটে নাঈম হাসান। প্রথম দুই দিন বাংলাদেশিদের আলো ছড়ানো পরদিনও আলোচনায় থাকল বাংলাদেশ! তবে কোনো খেলোয়াড় নন, আবহাওয়া! শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ইমার্জিং টেস্টের তৃতীয় দিনটা বলতে গেলে একাই গিলে ফেলেছে বৃষ্টি!
বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলার ফাঁকে ফাঁকে হানা দিয়েছে বৃষ্টি। এর মাঝেও মাঠে গড়িয়েছে ৪৯ ওভারের খেলা। এটুকুর মাঝে যতটুকু উল্লেখযোগ্য তা হল, আগের দিনের ৪ উইকেটে ১০১ রানের সঙ্গে আরও ৮৯ যোগ করেছে সফরকারী শ্রীলঙ্কা। উইকেট হারিয়েছে আরও দুটি।
আগের দিনে টাইগারদের সফল বোলার নাঈম হাসান, তার ৪ উইকেটের সঙ্গে আর কোনো উইকেট যোগ করতে পারেননি। বাকি ২ উইকেট ভাগাভাগি করেছেন শফিকুল ইসলাম ও তানভীর ইসলাম। প্রথম ইনিংসে ৩৬০ রান করা বাংলাদেশ এখন পর্যন্ত এগিয়ে আছে ১৭০ রানে।







