স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, জরুরি ছাড়া সব ধরনের ভ্রমণ নিষিদ্ধের পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে শহরটিতে। এখন পর্যন্ত তুষার ঝড়ে নিহত হয়েছে ১১ জন, জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ১১ রাজ্যে।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। নিউ ইয়র্কের পাশাপাশি ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূল পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির পূর্বাঞ্চলের কোনো কোনো এলাকায় ৭১ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ২০টির বেশি রাজ্যে ভারী তুষারপাত শুরু হলে সাড়ে আট কোটি মানুষ এর কবলে পড়ে।এই তুষারঝড় এখানকার সবচেয়ে ভয়াবহ পাঁচটি শীতকালীন ঝড়ের একটিতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
এতে শহরে ৬৩ সেন্টিমিটারের বেশি তুষারপাত হতে পারে। কয়েক লাখ ঘর-বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন ও কুইন্সে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। তুষারঝড়ের কারণে দীর্ঘ ১২ ঘণ্টা রাস্তায় জ্যাম লেগে ছিল কেন্টাকি ও পেনিসেলভেনিয়ায়।
শনিবার নিউ ইয়র্কের প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার ওয়াশিংটন অতিক্রম করবে তুষারঝড়, সে সময় যুক্তরাষ্ট্রের রাজধানী রেকর্ড ৭৬ সেন্টিমিটার তুষারে চাদরে চাপা পড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।






