দিনের শেষ ম্যাচে তুর্কির জালে ৩ গোল ঢুকিয়ে ইউরো’র দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। জোড়া গোল করেছেন স্প্যানিশ ও জুভেন্টাসের তারকা স্ট্রাইকার আলভারো মুরাতা।
অন্য গোলটি করেন ম্যানুয়েল নোলিতো। এই জয়ে ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
খেলার প্রথমার্ধের মাত্র ১০ মিনিটের মাথায় এমনিতেই এগিয়ে যেতো স্পেন। গোল বাঁচাতে আরেকটু হলে নিজেদের জালেই বল পাঠিয়ে দিচ্ছিলেন তুরস্কের হাকান বালতা। তবে গোল পোস্ট ছিলো বলে রক্ষা পায় সে যাত্রা।

এরপর ৩৪ তম মিনিটে নোলিতোর বাড়ানো বলে হেড করে গোল রক্ষককে পরাস্ত করেন জুভেন্টাস ফরোয়ার্ড মুরাতা।
তবে দ্বিতীয় গোলটির জন্য যতোটা না বাহবা পাবে স্পেন তার চেয়ে বেশি তিরস্কার শুনবে তুরস্ক। কারণ তুকি রক্ষণভাগের ভুলেই আরেকটি গোল হজম করতে হয় তাদের। 
রক্ষণভাগের ভুলকে পুরোদমে কাজে লাগান স্ট্রাইকার নোলিতো। মুরাতার দ্বিতীয় এবং স্পেনের তৃতীয় গোলে দ্বিতীয়ার্ধে শুরুতেই নিজেদের ইউরো আধিপত্যের জানান দেয় স্পেন। এই গোলের ঠিক দুই মিনিট পরেই হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মুরাতা। এবারও হেড,তবে লক্ষ্যভ্রষ্ট বল পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়।







