বিএনপি বর্জন করলেও ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি দুই মহানগরীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি,আনসার সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় এক লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।
মেয়র, কাউন্সিলর,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিন সিটি নির্বাচনে লড়ছেন সাড়ে ১২’শরও বেশি প্রার্থী। ৬০ লাখের বেশি ভোটার ঠিক করবেন তাদের ভাগ্য।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রামের মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে মোট প্রার্থী ১২শ ৫৬ জন।এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন মেয়র প্রার্থী হয়েছেন। দক্ষিণে এ সংখ্যা ২০ এবং চট্টগ্রাম সিটিতে ১২ জন।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ঢাকা উত্তরে দুইশ ৮১ জন প্রার্থী হয়েছেন, দক্ষিণে তিনশ ৯১ এবং চট্টগ্রামে দুইশ ৮৮ জন।
ঢাকা উত্তরে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোট ৮৯ জন, দক্ষিণে রয়েছেন ৯৭ এবং চট্টগ্রামে ৬২।
উত্তর সিটি করপোরেশনে ওয়ার্ড সংখ্যা ৩৬। ভোটার ২৩ লাখ ৪৫ হাজার তিনশ’ ৭৪ জন। এক হাজার ৯৩টি কেন্দ্রে ভোট দেবেন তারা।
ঢাকা দক্ষিণে ৫৭টি ওয়ার্ডের ১৮ লাখ ৭০ হাজার সাতশ’ ৫৩ জন ভোটার ভোট দেবেন আটশ’ ৮৯টি কেন্দ্রে।
চট্টগ্রাম সিটিতে ওয়ার্ড রয়েছে ৪১টি। সেখানে ১৮ লাখ ১৩ হাজার চারশ’ ৪৯ জন ভোটার সাতশ’ ১৯টি ভোটকেন্দ্রে ভোট দেবেন।
তিন সিটিতে মোট ভোটার ৬০ লাখ ২৯ হাজার পাঁচশ ৭৬। মোট ভোটকেন্দ্র দুই হাজার সাতশ একটি।
১৩ বছর আগে ২০০২ সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচনটি হয়েছিল।২০১১ সালে ঢাকাকে উত্তর ও দক্ষিণ এ দুভাগে ভাগ করার পর এটিই প্রথম নির্বাচন। আর চট্টগ্রামে এটি৫ম বারের মত সিটি কর্পোরেশন নির্বাচন।






