স্পিন চতুষ্টয়ের প্রধান অস্ত্র সাকিব আল হাসান আগেরদিন চোট পাওয়ায় মাঠে নামতে পারেননি। তার অভাব অবশ্য টের পেতে দিচ্ছেন না তাইজুল-নাঈম-মিরাজ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে প্রত্যেকে শিকার করেছেন একটি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান। ব্লেকউড ৩৪ ও জশুয়া ডি সিলভা ১২ রানে অপরাজিত আছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ক্যারিবিয়ানরা। প্রথম বলেই সাফল্য পায় বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এনক্রুমা বোনার (১৭)। ভাঙে ৫১ রানের তৃতীয় উইকেট জুটি।
পরে বাংলাদেশের পথের কাটা হয়ে ওঠা ক্রেইগ ব্র্যাথওয়েটকে বোল্ড করে দেন নাঈম হাসান। উইন্ডিজ অধিনায়ক ১১১ বলে করেন ৭৬ রান। তার ইনিংসে চারের মার ১২টি।
চতুর্থ উইকেট জুটিও ফিফটি পেরোয়। আসে ৫৫ রান। ব্র্যাথওয়েটের সঙ্গে দারুণ খেলতে থাকা কাইল মেয়ার্স আউট হন ফিফটির আগে, দলের দেড়শর পর। ৪০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে হন এলবিডব্লিউ।
আগেরদিন জোড়া উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজুর রহমান। ২ উইকেট হারিয়ে ৭১ রানে দিন শেষ করেছিল উইন্ডিজ। বাংলাদেশের ৪৩০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে তারা।








