তিন মিডফিল্ডারের অভিষেকে দিনে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ম্যাচে ক্লাব আমেরিকাকে ১-০ গোলে হারায় রেড ডেভিলসরা।
এই ম্যাচে ম্যানইউ দলে অভিষেক হয়েছে সদ্যেই ক্লাবে নাম লেখানো জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান সোয়াইনস্টেইংগার, ফ্রেঞ্চম্যান মেপিস ডিপাই ও মাথিও ডারমিনের।
গত মৌসুমে লিগে খুবই বাজে পারফর্ম করেছে ম্যানইউ। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেননি তারা। তাই আগামী মৌসুমের দলের হারানো গৌরব ফিরিয়ে আনতে নতুন নতুন খেলোয়াড় দলে টেনেছে দলটি।
দলের নতুন মুখদের মধ্যে অন্যতম জার্মানির বিশ্বকাপজয়ী তারকা সোয়াইনস্টেইংগার। মিডফিল্ড শক্ত করতে সেই সাথে আরো দলে ভেড়ানো হয়েছে মেপিস ডিপাই ও মাথিও ডারমিনকে।
খেলার পাঁচ মিনিটেই লিড নেয় ম্যানইউ। দলকে এগিয়ে দেন মরগান সেন্ডারলিন। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে রুনিরা।
এই অর্ধে বদলি হিসাবে মাঠে নামেন সোয়াইনস্টেইংগার। তিনি নামার সাথে সাথে ম্যানইউ’র খেলার গতি পাল্টে যায়। তবে অধিকাংশ সময় নিজেদের দখলে বল রাখলেও আর গোল করতে পারেনি তারা।






