‘লোকাল বাস’ এর ‘যাদুকর’ এবার হয়ে উঠেছেন ‘রাজকুমার’। এবার বৈশাখী রাজকুমার হয়ে আবির্ভূত হচ্ছেন প্রয়াত খালিদ হাসান মিলুর কনিষ্ঠ সন্তান প্রীতম হাসান। বাবার পরিচয়ের পাশাপাশি নিজ পরিচয়ের ব্যাপ্তী ক্রমশ বাড়িয়ে চলেছেন প্রীতম হাসান। তার নতুন গানের মিউজিকাল মুভি ‘রাজকুমার’ ইউটিউবে উন্মুক্ত হবে ১২ এপ্রিল।
‘রাজকুমার’ শিরোনামের গানটি লিখেছেন রায়হান ইসলাম শুভ্র, রাকিব হাসান রাহুল এবং প্রীতম হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম নিজেই। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কো-স্পন্সর হিসেবে আছে ‘তান্ত্রা’।
রাজধানীর কোক স্টুডিওতে একাধিক সেট ফেলে ২ দিন অবস্থান নিয়েছিলেন এই ‘রাজকুমার’। দেশীয় ঘরানার বাইরের একটি গল্পে, একজন আন্ডারগ্রাউন্ড ফাইটারের প্রতিদিনের যাপিতজীবন, আবেগ, প্রেম-ভালোবাসা, প্রণয় এবং পরিনতি নিয়ে নির্মিত এই ভিডিওতে প্রীতম হাসানের নায়িকা হিসেবে আছেন সুনেহরা বিনতে কামাল। মিউজিক্যাল মুভিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘এর আগের ভিডিওগুলোতে দর্শক-শ্রোতারা আমাকে যে সাজে দেখেছেন, এবারের ভিডিওতে সম্পূর্ণ নতুন ভাবে, নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি। যা দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। আর গানের ব্যাপারে বলবো, শ্রোতাদের ভালো লাগার কথা চিন্তা করেই গানের অডিও এবং গায়কীতে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। ‘এসো মামা হে’ বৈশাখে রাজকুমারের সঙ্গে থাকি।








