বিসিএলের প্রথম রাউন্ডে সহজ জয় তুলে নিয়েছে বিসিবি নর্থ জোন। শুক্রবার ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
জাতীয় দলের বাইরে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদের জ্বলে ওঠা, আরিফুল হকের অলরাউন্ড পারফরম্যান্স ও রকিবুল হাসানের শতক সেন্ট্রালদের এই ম্যাচের প্রাপ্তি। সেখানে জয়ের সঙ্গে নর্থদের প্রাপ্তি অধিনায়ক জহুরুল ইসলামের দেড়শ পেরোনো ইনিংস, ধীমান ঘোষের প্রায় শতক ও মিজানুর রহমানের ধারাবাহিকতা।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৮৮ রানেই গুটিয়ে গিয়েছিল সেন্ট্রাল জোন। জবাবে নর্থ জোন প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫৭ রানে তুলে ইনিংস ঘোষণা করে। মিজানুর ৬৪, জহুরুল ১৫৮ ও ধীমান ৯৩ রান করেন।
সেন্ট্রালের হয়ে তাসকিন ২৭.৪ ওভার হাত ঘুরিয়ে ১২২ রানে ৪ উইকেট নেন। ধারাবাহিকতার অভাবে জাতীয় দলের বাইরে ছিটকে পড়ার একদিন পর বল হাতে নিয়েই এমন জ্বলে ওঠা টাইগার পেসারের জন্য সুখকরই।
পরে দ্বিতীয় ইনিংসে রকিবুলের ১০৫ রানে ৭ উইকেটে ২৩৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সেন্ট্রাল জোন। শুক্রবার মোশাররফ হোসেনের ৬১, মেহরাব জুনিয়রের ১৮, মোহাম্মদ শরীফের ২৪ রানে ৩৩৬ পর্যন্ত পৌঁছায় দলটি, ৬৭ রানের লিড পায়।
নর্থ জোন সেই রান টপকে গেছে ৯ উইকেট হাতে রেখেই। মিজানুর ২৫ রানে ফিরে গেলেও নাজমুল হোসেন শান্ত ৩১ ও জুনায়েদ সিদ্দীক ১০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
সেন্ট্রালের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন তানবীর হায়দার। তাসকিন অবশ্য এবার উইকেটশূন্য, ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ২৫ রান।







