‘তার দায়িত্ব ছিল ব্লগার হত্যার পরিকল্পনা করা’

ব্লগার হত্যার পরিকল্পনার দায়িত্বে থাকা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আনসারুল্লাহ বাংলাটিমের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
রোববার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল থানাধীন পীরজঙ্গি মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরের দিন সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে বিভিন্ন তথ্য জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবিএম সোহেল উদ দৌলা সোহেল, আহাদুল ইসলাম সাগর, জগলুল হক মিঠু ও মো: তোয়াসিন রহমান। পরের তিন জন সোহেলের শিক্ষার্থী। এরা সবাই জিহাদ করতে সিরিয়া যেতে আগ্রহী ছিলেন আর সোহেল ছিল তাদের সংগঠক।
মনিরুল ইসলাম বলেন, আসামীরা দাওয়াতী শাখার পাশাপাশি ব্লগারদের হত্যার পরিকল্পনার দায়িত্বে ছিল। তারা পলাতক জঙ্গি হাসান ওরফে রেজার মাধ্যমে ২০১৪ সালে সংগঠনে যোগদান করে বিভিন্ন জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণ করে।
‘‘নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে তারা সকলেই টেলিগ্রাম অ্যাপস ও টুটানোটা মেইল ব্যবহার করত।’’
কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যরা বিশ্বাস করে প্রকৃত জিহাদি হতে হলে যে জায়গায় সত্যিকারের জিহাদ হচ্ছে সেসব জায়গায় প্রশিক্ষণ নিতে হবে। প্রকৃত মুজাহিদিনের কাছ থেকে জিহাদের প্রশিক্ষণ নিতে হবে। এ ধারণা থেকে তারা পরিকল্পনা করে জিহাদ করতে তারা আফগানিস্তানে যাবে। তাদের ভাষায় সেখানে প্রকৃত জিহাদ চলমান রয়েছে। আফগানিস্তানে যাওয়া সহজ না হওয়ার সিরিয়ার যে কোন অঞ্চলে যাওয়ার পরিকল্পনা করে তারা। কিন্তু সিরিয়ায় যেতে হলে অন্যান্য দেশের ভিসা দিয়ে পাসপোর্ট ভারী করতে হবে বলে সেখানেও তারা যেতে পারেনি।
গ্রেফতারকৃতরা মেজর জিয়ার অনুসারী কিনা জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, তারা একই সংগঠনের। তবে সোহেল কিংবা বাকিদের সঙ্গে মেজর জিয়ার কখনো দেখা হয়েছে কিনা এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই বা তারা স্বীকার করে নাই। এছাড়াও আরো বেশ কিছু তথ্য আমরা পেয়েছি কিন্তু তদন্ত ও কৌশলগত কারণে আমরা মিডিয়ার কাছে প্রকাশ করতে পারছি না।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি নোটবুক, দুটি মোবাইল ফোন, ১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এছাড়াও ওসামা বিন লাদেনের অনুবাদ গ্রন্থ ‘মানহাজের ব্যাপারে নির্দেশনা’ এবং শাইখ আনোয়ার আল আওলাকির অনুবাদ গ্রন্থ ‘এ যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে’ উদ্ধার করা হয়।



