জুলিয়ে ফৌবার্ট নামটাই অনেকের মনে নেই। কোনো এককালে এ ফরাসি ফুটবলার যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন, সেটাই হয়ত অজানা অনেক লস ব্লাঙ্কোস ভক্তের! বাস্তবতা হল, স্বল্প সময়ের জন্য রিয়ালের জার্সি উঠেছিল ফৌবার্টের গায়ে এবং প্রতি ম্যাচে তার জন্য মিনিট প্রতি ২৮ হাজার ইউরো গুনতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। বর্তমানে যার মূল্য দাঁড়ায় ২৭ লাখ টাকার কাছাকাছি!
২০০৯ সালের ফেব্রুয়ারিতে চরম দুঃসময়ে শীতকালীন দলবদলে ওয়েস্টহ্যাম থেকে ফৌবার্টকে ধারে নিয়ে আসে রিয়াল। কিন্তু রেসিং সান্তান্দার ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দুই ম্যাচে খেলা দেখে তাকে আর মাঠেই নামাননি রিয়াল কোচ।
এরপর ভিয়ারিয়ালের বিপক্ষে যেটা করেছেন ফৌবার্ট, সেটা যারা দেখেছেন কোনদিন আর ভুলতে পারেননি! ৩-২ গোলে যখন হার দেখছে রিয়াল, ক্যামেরার লেন্স ঘুরে চলে যায় সাইডবেঞ্চে। ধরা পড়ে সাইডবেঞ্চে পা তুলে আরামসে নাক ডাকছেন ফৌবার্ট!
ফৌবার্টকে তারপর আর ধরে রাখার কোনো অর্থ খুঁজে পায়নি রিয়াল। ফেরত পাঠিয়ে দেয়া হয় আগের ক্লাবের কাছে। ওয়েস্টহ্যামও তাকে মাঠে নামায়নি। এরপর ইলাজিস্পোর, বোর্দো, কিলমার্নোক ও ইন্টার তুর্কির হয়ে খেলেছেন ফৌবার্ট। এখন খেলছেন ইন্দোনেশিয়ার ক্লাব বোর্নিওয়ের হয়ে।








