রোনালদোর লালকার্ড কিছুতেই মেনে নিতে পারছেন না তার বোন কাতিয়া অ্যাভেইরো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেছেন, সিআর সেভেনকে ধ্বংস করতেই এই লালকার্ড।
ভ্যালেন্সিয়া ডিফেন্ডার জেইসন মুরিল্লোর সঙ্গে ঝামেলা পাকিয়ে লাল কার্ড দেখেন রোনালদো। তার ‘অপরাধ’ মুরিল্লোর মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ানোর তাগাদা দিয়েছিলেন। তবে চুল টেনেছিলেন কিনা তা বোঝা যায়নি। সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে রোনালদোকে লালকার্ড দেখান মাঠের রেফারি ফেলিক্স ব্রাইখ। চ্যাম্পিয়ন্স লিগে খেলা ১৫৪টি ম্যাচের মধ্যে এই প্রথম লালকার্ড দেখলেন পর্তুগীজ তারকা।
লালকার্ড দেখে রোনালদো মাঠ ছাড়লেও তার দল ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারাতে সক্ষম হয়।
রোনালদোর বোন লিখেছেন, ‘এটা ফুটবলের জন্য অসম্মান…ন্যায়বিচার করতে হবে…তারা আমার ভাইকে ধ্বংস করতে চায়, কিন্তু সৃষ্টিকর্তা ঘুমান না…লজ্জাজনক।’
লালকার্ড দেখায় রোনালদো আরও কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। উয়েফার নিয়মানুযায়ী কোনো খেলোয়াড় লালকার্ড দেখলে পরের ম্যাচে তিনি খেলতে পারেন না। কিন্তু অপরাধ যদি গুরুতর হয়, তাহলে নিষেধাজ্ঞা বেড়ে যায়।








