চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন তামিম এবং মুশফিককে নিয়েও থাকতে হচ্ছে অপেক্ষায়। অপেক্ষাটা ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত। টেস্ট ও ওয়ানডেতে বিপর্যয়ের টাটকা স্মৃতির পর ঘুরে দাঁড়ানোর টি-টুয়েন্টি সিরিজে তাই মাঠের চ্যালেঞ্জের বাইরেও কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টুয়েন্টির সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মাঠে নামবে টাইগাররা। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শেষটায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানানোর পাশাপাশি দুই নির্ভরযোগ্য সদস্যকে পাওয়া নিয়ে দল সাজানোর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথাই বলতে হল অধিনায়ককে।
‘একটু ইনজুরি কনসার্ন ছিল। তারপরও কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করবো।’
ওপেনার তামিম ইকবালের পিঠের পেশিতে হালকা টান পড়ার সমস্যা আছে। সেখানে মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ভুগছেন কব্জিতে হালকা চোটের সমস্যায়। দুই সিনিয়র সদস্যের চোট কোন পর্যায়ে আছে সেটি আগে বিস্তারিত জানানো না হলেও দল যে বিষয়টা নিয়ে অস্বস্তিতে আছে সেটি পরিষ্কার হয়ে যায় মাহমুদউল্লাহর কথাতেই।








