নারায়ণগঞ্জ অভিযান ‘হিট স্ট্রং-টোয়েন্টি সেভেন’র মধ্য দিয়ে তামিম চৌধুরী ‘চ্যাপ্টার’র সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অভিযান শেষে নারায়ণগঞ্জ শহরের বড় কবরস্থানের পাশে ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছুদিন ধরে তামিম চৌধুরীকে খুঁজছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে তার অবস্থান চিহ্নিত করার পর রাত তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ঘেরাও করে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু আত্মসমর্পণ না করে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি এবং গ্রেনেড ছোড়া শুরু করে।
তারপরও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত সোয়াত টিম আসে এবং সকালে অভিযান শুরু হয়। জঙ্গিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গ্রেনেড ও গুলি ছোড়ে। তিনি জানান, এ অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে গুলশান হামলার মূল হোতা তামিম চৌধুরী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
তামিম চ্যাপ্টার এখানেই শেষ উল্লেখ করে মন্ত্রী বলেন: তামিম চৌধুরী ‘চ্যাপ্টার’ এখানেই শেষ। বাকি পলাতক জঙ্গিদের আমরা শিগগিরই ধরতে পারব বলে আশা করি। সবাই আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। পালিয়ে থাকা জঙ্গিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। জঙ্গিরা জনবিচ্ছিন্ন। তাদের সংখ্যা কম। সরকার জঙ্গি দমনে কঠোর অবস্থান নিয়েছে।








