দুই টেস্টের সিরিজ শুরু হতে আর মাত্র সাতদিন বাকি। এর মাঝেই তামিম ইকবালের রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার বিষয়টি শঙ্কার মেঘ গাঢ় করে তুলল। বৃহস্পতিবার সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোটে পড়েন টাইগার ওপেনার।
ইনিংসে মাত্র ১৩ বল খেলতে পেরেছেন তামিম। করেছেন ৫ রান। ব্যাটিংয়ের সময় হঠাৎ মাংসপেশিতে টান পড়ে ২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের। তখনই বাধ্য হয়েছেন মাঠ ছাড়তে। ইনিংসের ৪.২ ওভারের সময় বাংলাদেশের সংগ্রহ তখন ১১!
তবে তামিমের চোট গুরুতর নয় বলে বাংলাদেশ দলের একজন মুখপাত্রের বরাতে সংবাদ ছাপিয়েছে সাউথ আফ্রিকার ‘স্পোর্টস ২৪’। ‘তার চোট গুরুতর কিছু নয়। আশা করছি সে দ্রুতই সুস্থ হয়ে যাবে।’ -প্রোটিয়া গণমাধ্যমটিকে এমনটাই জানিয়েছেন টাইগার দলের সেই মুখপাত্র।










