তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন ইমরুল কায়েসের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এ বাঁহাতি ওপেনার ছাড়িয়ে গেছেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের করা ৩১২ রানের রেকর্ড।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৮৫ রানে অপরাজিত থেকে ইমরুল টপকে যান তামিমকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন ম্যাচে ইমরুলের রান ৩১৯*।
মিরপুরে প্রথম ম্যাচেই খেলেন ১৪৪ রানের অপরাজিত ইনিংস। চট্টগ্রামে এসে সিরিজ নিশ্চিত করার ম্যাচে করেন ৯০ রান। আর তৃতীয় ও শেষ ম্যাচে আছেন সেঞ্চুরির পথে।
ইনজুরির কারণে তামিম ছিটকে যান জিম্বাবুয়ে সিরিজ থেকে। তার বিকল্প হিসেবে ওপেনিংয়ে ফিরে ইমরুল রাখলেন ধারাবাহিকতার অনন্য নজির।
২০১৬ সালে পাকিস্তানি ওপেনার বাবর আজম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে করেন ৩৬০ রান। ২০১৩ সালে ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক করেছিলেন ৩৪২ রান। ওই বছর ভারতের বিপক্ষে কিউই ওপেনার মার্টিন গাপটিল করেন ৩৩০ রান। সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার সুযোগ ইমরুলের সামনে।







