কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর হত্যার সাক্ষ্য-প্রমাণ বিকৃত করার
চেষ্টা হয়ে থাকলে তাদেরকে বিচারের আওতায় আনা বাঞ্ছনীয় বলে মনে করেন জাতীয়
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান।
তনু হত্যার বিচারের
দাবিতে আজ বৃহস্পতিবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
বিচার প্রক্রিয়ার বিধি লঙ্ঘন করে তনুর পরিবারকে মধ্য রাতে হয়রানি করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাইবেন বলেও জানান মিজানুর।
কুমিল্লা সেনানিবাসে যেখানে তনুর লাশ পাওয়া যায় সেই জায়গা পরিদর্শন শেষে নিহতের বাবা মা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
এছাড়াও তনু’র হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিস্টার হেলেন ও জয়যাত্রা ফাউন্ডেশন।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে তনু হত্যার মূল ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
সমাবেশ শেষে মিছিল বের করা হয়।








