রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার তদন্ত বাংলাদেশ পুলিশের এক নম্বর অগ্রাধিকার বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার তদন্ত এখন বাংলাদেশ পুলিশের এক নম্বর অগ্রাধিকার। পুলিশের সবগুলো ইউনিট অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে।
সময় বেঁধে দিয়ে তদন্ত করা যায় না মন্তব্য করে তিনি বলেন, কোন ঘটনা এক ঘন্টার মধ্যেই বের করা সম্ভব হয়। আবার কোন কোন ঘটনার তদন্ত শেষ করতে সময় লাগে। দেখতে হবে আমরা আন্তরিকতার মধ্য দিয়ে কাজ করছি কিনা।
বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে অপরাধীকে শিগগিরই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তিনি সাংবাদিকদের একথা জানান।
ডিএমপি উপ-কমিশনার বলেন, এ ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সবগুলো ব্রাঞ্চ প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। গুরুত্ব বিবেচনা করে মামলাটি গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আমরা প্রথম থেকেই প্রযুক্তিগত সহায়তা নিচ্ছি। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে বিশ্লেষণ হয়েছে সোমবার, আজও হচ্ছে। ওই এলাকা একটি ব্যস্ত সড়ক, সেখানে যথেষ্ট জনসমাগম রয়েছে। তদন্তের স্বার্থে এখনই অনেক কিছু বলা সম্ভব না।







