মাত্রই কিছুটা ইনজুরি থেকে ফেরা মোহাম্মদ শহীদ চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টের জন্য ডাক না পেলেও ঢাকায় দ্বিতীয় টেস্টের জন্য তাকে অপেক্ষমান রাখার ইঙ্গিত পাওয়া গেছে। সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন মোহাম্মদ শহীদ।
শুরুতেই শক্তি নিঃশেষ না করে ফেলার জন্য জাতীয় দলের কোচ হাথুরুসিংহের পরামর্শে দ্রুত গতির বোলার তাসকিন আহমেদকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়নি। আর মোস্তাফিজুর রহমান অাগে থেকেই দলের বাইরে আছেন। অন্য পেসারদের মধ্যে আল আমিন ও রুবেল হোসনকে টেস্ট বোলিংয়ের জন্য উপযোগী মনে করা হয় না।
তাই মোহাম্মদ শহীদ টেস্ট দলে থাকবেন এমন একটা ধারণা ছিল। কিন্তু, মাত্রই ইনজুরি থেকে ফিরেছেন বলে প্রথম টেস্টের জন্য তাকে বিবেচনা করা হয়নি।
চট্টগ্রামে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে পেসার আছেন দুইজন– শফিউল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বী। সৌম্য সরকারকে খেলানো হলে তাকে তৃতীয় সিমার হিসেবে বিবেচনা করা যায়। তবে, সেরা একাদশে কারা থাকবেন সেটা ম্যাচ শুরুর আগে ঠিক হবে। এর আগে বাংলাদেশ একমাত্র পেসার হিসেবে শুধু মোহাম্মদ শহীদকে নিয়েও টেস্ট ম্যাচ খেলেছে।
প্রথম টেস্টে ডাক না পেলেও দ্বিতীয় টেস্টের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন মোহাম্মদ শহীদ।
গণমাধ্যমকে তিনি বলেছেন, জাতীয় লিগে কিছুটা ইনজুরির শিকার হয়েছিলাম। কিন্তু এখন নিজেকে ফিট রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
‘নিজেকে নতুনভাবে প্রস্তুত করছি, কারণ দলের প্রয়োজনে যেকোন সময় যোগ দিতে হতে পারে।’
২০ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রথম এবং ২৮ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট।
গত বছর এপ্রিল মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। এখন পর্যন্ত ৫ টেস্ট ম্যাচের ৬ ইনিংসে বল করে ৫ উইকেট নিয়েছেন শহীদ। ম্যাচে তার সেরা বোলিং ৪/৯৫ এবং ইনিসে ২/২৩। গত বছরের জুলাই-আগস্ট মাসে সাউথ আফ্রিকা সিরিজে টেস্ট দলে ছিলেন মোহাম্মদ শহীদ। আর সেটাই ছিল বাংলাদেশ দলের খেলা শেষ টেস্ট ম্যাচ।








