ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। উত্তরে সংযুক্ত হওয়া নতুন ১৬টি ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত ওয়ার্ড এবং দক্ষিণের নতুন ১৬টি ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডেও একই দিনে নির্বাচন হবে। রোববার নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আনিসুল হকের মৃত্যুর কারণে শূন্য ঢাকা উত্তরের মেয়র পদ। নিয়মের বাধ্যবাধকতায় উপনির্বাচন হতে হবে। সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব নির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্তের কথা জানান।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নতুন ওয়ার্ডগুলোর নির্বাচনে কোন আইনি জটিলতা নেই। আর নির্বাচিতদের মেয়াদ থাকবে বর্তমান কর্পোরেশনের বাকি মেয়াদ পর্যন্ত।
নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।
স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রথম সভা থেকে শপথ নেয়া জনপ্রতিনিধিদের মেয়াদ থাকে ৫ বছর। এই নির্বাচনের বিজয়ী প্রার্থীর মেয়াদ শেষ হবে ২০২০ সালের এপ্রিলে। মেয়র পদে নতুন যিনি আসবেন তিনি মেয়াদের বাকি অংশটুকু দায়িত্ব পালন করবেন।
৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিশনকে এ উপ-নির্বাচন করতে হবে।







