দু’ দিনের ভ্রমণে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল ট্রফি এখন ঢাকায়। বৃহস্পতিবার বাংলাদেশে আসার পর রাজধানীতে জনসাধারণের তা উন্মুক্ত রাখা হয়েছে।
ট্রফি দেখতে উৎসাহী জনতা ভিড় করে বসুন্ধরা সিটিতে।
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবেই বৃহস্পতিবার পাকিস্তান থেকে ঢাকায় আনা হয় আইসিসি ওয়ার্ল্ড টি-টুয়েন্টির মূল ট্রফি। টি-টুয়েন্টির বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এ ট্রফি শুক্রবার সকাল থেকে প্রদর্শন করা হচ্ছে রাজধানী বসুন্ধরা সিটিতে।
ক্রিকেটভক্তদের মতে, মার্চ-এপ্রিলে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে এ ট্রফি জয় করে নিয়ে আসার যোগ্যতা রাখে বাংলাদেশও।
আইসিসির আয়োজনে ১৩ ডিসেম্বর মুম্বাইয়ে ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতার পর পুরো বিশ্বভ্রমণে বের হয় টি-টুয়েন্টির ট্রফি।
বসুন্ধরায় শুক্রবার বিকেল পর্যন্ত চলে ট্রফির প্রদর্শন। বাংলাদেশ পর্ব শেষ করে শ্রীলংকা যাবে ওয়ার্ল্ড টি-টুয়েন্টি ট্রফি।
বিশ্বভ্রমণ শেষে পয়লা ফ্রেব্রুয়ারি আবারও ভারতের দিল্লিতে ফিরবে এ ট্রফি। মার্চ-এপ্রিলে ভারতে বসবে আইসিসি ওয়ার্ল্ড টুয়েন্টি টুয়েন্টির ষষ্ঠ আসর।







