ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ ঢাকায় আসছেন না। জাজ মাল্টিমিডিয়া থেকে আজ রোববার দুপুরে জানানো হয়েছে, ‘বিশেষ কারণে’ আপাতত আসতে পারছেন না জিৎ। তবে ঈদের আগে এক দিনের জন্য তার ঢাকায় আসার সম্ভাবনা আছে।
জাজ মাল্টিমিডিয়া থেকে ৩০ মে জানানো হয়েছিল, ৫ জুন বিকালে ঢাকায় আসবেন জিৎ। ওই দিন সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এখানে ‘বস টু’ ছবির পোস্টার উন্মোচন করবেন। এছাড়া ৬ ও ৭ জুন বিভিন্ন প্রচারাভিযানে অংশ নেবেন। জিৎ কলকাতায় ফিরে যাবেন ৭ জুন বিকালে।
এবার ঈদে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড। পরিচালনা করেছেন বাবা যাদব।







