১৪ জুলাই ঢাকার ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রাজনীতি’। প্রেক্ষাগৃহগুলো হলো— মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ আর ‘বস টু’র প্রযোজনা প্রতিষ্ঠানের রাজনীতিতে এবার ঈদে মাত্র ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজনীতি’। এই কয়টি প্রেক্ষাগৃহেই ছবিটির ব্যাপারে দর্শকদের দারুণ আগ্রহ লক্ষ্য করা গেছে। আর এ কারণে ছবিটি নেওয়ার ব্যাপারে দেশের অন্য প্রেক্ষাগৃহগুলোর মালিকদের আগ্রহ তৈরি হয়েছে।
এবার ঈদে সম্পূর্ণ দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের তৈরি একমাত্র ছবি ছিল ‘রাজনীতি’। ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘রাজনীতি’ ছবিটি যে কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, সেখানে দর্শকদের চাহিদা ভালো থাকায় এবার সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সামনে এই সংখ্যা আরও বাড়বে।
এদিকে ছবির নায়িকা অপু বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে আগেই বলেছেন, ‘আমি এখনো প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পারিনি। ঢাকায় মুক্তি পেলে আমি দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখব।’
‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন । আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।
‘রাজনীতি’ ছবির ট্রেলার:








