মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকার আদালতে চলা দুই মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন মেলেনি।
খালেদাকে এই দুই মামলায় জামিন না দিয়ে বিচারিক আদালতে খালেদার যে আবেদন, তা নিষ্পত্তি করতে বিচারিক আদালতের প্রতি আদেশ দিয়েছেন বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন আ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি আ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন।
বিএনপি-জামায়াত জোট সরকার স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী করায় জাতির মানহানি হয়েছে এই অভিযোগে একটি এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায় ২০১৬ সালে আর একটি মামলা করা হয়।
আর গত ২২ মে এই দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।







