সমাজকথন

পরিবারের সবার বড় মানুষটি প্রাণহীন নিথর হয়ে স্বদেশে ফিরে এলেন

হুমায়ুন কে. এম. এ. হাই

ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কে. এম. এ. হাই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, আজ আমার বাংলাদেশের শোকের দিন। আজ আমার ও আমাদের মন খারাপের দিন। পরিবারের সবার বড় মানুষটি প্রাণহীন নিথর হয়ে স্বদেশে ফিরে এলেন। ‘৫২ তে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। ভাষা আন্দোলনে যোগ দিতে ভুল করেননি। ‘৭১ এর মুক্তিযুদ্ধে যোগ দিতে ভুল করেননি। শুধু রাষ্ট্রের প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করেননি। স্বাধীনতার ৪৭ বছরে এই সনদ প্রদান প্রক্রিয়া কি মর্যাদাপূর্ণ ছিল? আমার বড়মামার বয়স ৮৭ বছর। জীবনের শেষ দুই দশক শামুকের মতো গুটিয়ে ছিলেন। ‘৫২ আর ‘৭১ এর স্বপ্নগুলো হয়তো মিলাতে পারেন নাই! গত দুদিন দেশের বেশ ক’জন স্বনামধন্য নাগরিকের সাথে কথা হলো আমার মামার মুক্তিযুদ্ধ বিষয়ক সনদ/তথ্য/প্রমাণ নিয়ে, সবাই খানিকটা বিব্রত হলেন এগুলো পাওয়ার সম্ভাবনায়। আমার শুধু মনে হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের দুই/তিন জন একজন মানুষের কৃতিত্ব জানা থাকলে তা প্রত্যায়ন করতে পারেন না? সংস্থা বা গোষ্ঠীর উর্দ্ধে কি কোন দেশপ্রেমিকের স্থান হয়নি এই দেশে? জানি কোন কোন যোগ্যতা বা গোত্রভূক্ত হলে এই দেশে সব প্রাপ্তির দ্বার উন্মোচিত হয়। তবু পারিনা গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে! মামারা শিখিয়েছেন পদলেহন/ লোভ/ অযৌক্তিক প্রাপ্তি মানব জীবনের প্রত্যাশা নয়। দেশপ্রেম কর্মে প্রকাশ করার ব্যাপার, জাহির করার বিষয় নয়।পরিবারের সবার বড় মানুষটি প্রাণহীন নিথর হয়ে স্বদেশে ফিরে এলেন

সবশেষে হাসান আরিফ লিখেছেন, আমার বড়মামা- ভাষাসংগ্রামী, মুক্তিযোদ্ধা তাকে অঞ্জলি দিতে আমাদের পরিবারের কারো চোখেই অশ্রুজলের অভাব হবেনা। বাংলাদেশের ঔষধ শিল্পের উন্নয়ন ও প্রসারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই নির্লোভ, অকুতোভয় সংগ্রামী-যোদ্ধা মানুষের জীবন প্রবাহে অমর হয়ে থাকবেন। শ্রদ্ধাঞ্জলি ড. হুমায়ুন কে. এম. এ. হাই।

ড. হুমায়ুন কে. এম. এ. হাই এর নামাজে জানাযা ৯ জুলাই রোববার বাদ আসর বারিধারা ১ নং সড়কের মসজিদে অনুষ্ঠিত হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…