পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ইস্যুতে ড. ইউনূস, টিআইবিসহ যারা সরকারকে দোষারোপ করেছে এবং মেইল চালাচালি করেছে তাদের সবাইকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
রায়ের পর অনেকে সুর পাল্টালেও সেই সময় সকলেই সরকারের বিরুদ্ধেই ছিলো।
পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র থাকার ব্যাপারে বিশ্বব্যাংকের অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় মামলার তিন আসামিকে সম্প্রতি খালাস দেয় কানাডার আদালত। শুক্রবার কানাডার কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ফোনে আড়ি পেতে সংগ্রহ করা যে তথ্যের ওপর ভিত্তি করে প্রসিকিউশন মামলা সাজিয়েছিল, তাকে গালগল্প ও গুজব বলেছেন বিচারক।
শুরু থেকেই কোন প্রকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করা বর্তমান সরকার নিজস্ব অর্থেই পদ্মাসেতু নির্মাণের ঘোষণা ও তার বাস্তবায়ন শুরু করেছে।








