আগেই ব্যবধান ছিল চার পয়েন্টের। এবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা জিততে না পারায় প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। রোববার রাতে খেলার ৫৯ মিনিটে মেসির গােলে সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গােলে কােনোমতে ড্র করে ফিরেছে কাতালানরা।
এই নিয়ে সোসিয়েদাদের মাঠে টানা আট ম্যাচ জয়হীন থাকল বার্সেলোনা। এবারের লিগে এটা তাদের টানা দ্বিতীয় ড্র। গত সপ্তাহে ঘরের মাঠে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বার্সা।
প্রথমার্ধের পুরোটাতেই মাঠে ছিল অচেনা বার্সেলোনা। গোল করা তো দূরের কথা উল্টাে গােল ঠেকাতেই ব্যস্ত ছিল তারা। বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ করে অল্পের জন্য গােল পায়নি সোসিয়েদাদ। তবে ৪১ মিনিটে প্রথমবারের মতো এগিয়ে যাওয়া সুযােগ পায় বার্সা। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন নেইমার।
কিছুটা ছন্দে ফেরার পর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারতো বার্সা। তবে নেইমারের জোড়ালো ফ্রি-কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন সোসিয়েদাদ গোলকিপার জেরোনিমো রুলি।
বার্সেলোনার আক্রমণের মধ্যেই পাল্টা আক্রমণে ৫৩ মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। মাসচেরানোকে ফাঁকি দিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়াম জোসে।
এক গােল পিছিয়ে পড়ার এর জেগে উঠে বার্সা। দারুণ এক পাল্টা আক্রমণে ৫৯ মিনিটে সমতায় ফেরে তারা। নেইমারের আড়াআড়ি পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় লিগে নিজের নবম গোলটি করেন মেসি। চলতি মৌসুমে সব মিলিয়ে এটি তার ১৯তম গােল।
৭৭ মিনিটে সোসিয়েদাদ এবং ৮১ মিনিটে গােলের সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু কোনো দলই সে সুযােগ কাজে লাগাতে পারেনি। ম্যাচের ফলেও আর কোনো পরিবর্তন আসেনি।
এই ড্রয়ের ফলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩।
রাতের অন্য ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ পয়েন্ট নিয়ে ডিয়েগো সিমিওনের দল রয়েছে চতুর্থ স্থানে। এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে সোসিয়েদাদ।







