মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ আইনজীবীর সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে ব্যাখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিবৃতি লিখতে প্রেসিডেন্ট ট্রাম্প ‘সাহায্য’ করেছিলেন; কিন্তু পুরো বিবৃতি ঠিক ঠিক লিখিয়ে দেননি বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
বিবিসি জানিয়েছে, ২০১৬ সালের জুনে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং আইনজীবী ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়ার বৈঠক সম্পর্কে কৈফিয়ত দিয়ে জুনিয়রের লিখিত বিবৃতিতে কী কী থাকবে তা ট্রাম্প নিজে বলে দিয়েছিলেন। এ নিয়ে তথ্য-প্রমাণসহ প্রতিবেদন প্রকাশ হয় ওয়াশিংটন পোস্ট এবং এবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে।
ট্রাম্পের লেখানো ওই বিবৃতিতে কারণ হিসেবে বলা হয়েছিল, বৈঠকে রাশিয়া থেকে শিশু দত্তক নেয়ার বিষয়ে একটি কর্মসূচি নিয়েই মূলত আলোচনা করেছিলেন জুনিয়র এবং ন্যাটালিয়া, নির্বাচনী প্রচারণা নিয়ে নয়।
যদিও পরে ট্রাম্পপুত্র নিজেই গোপন বৈঠকের আসল কারণটা ফাঁস করে দেন।
মার্কিনসহ শীর্ষস্থানীয় অন্যান্য পশ্চিমা সংবাদমাধ্যমে ট্রাম্পের মিথ্যা বিবৃতি লেখানোর সংবাদটি প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখালেও মঙ্গলবার দিনশেষে প্রেসিডেন্টের আইনজীবী বলেন, ডোনাল্ড ট্রাম্প বিবৃতির কোনো কিছুই বলে দেননি।
আর হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ্ হাকাবি স্যান্ডার্স প্রেস ব্রিফিংয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে বৈঠক সম্পর্কে যা সামান্য তথ্য ছিল সেখান থেকে তিনি একজন বাবা হিসেবে ছেলেকে বিবৃতি লিখতে সাহায্য করেছেন মাত্র। স্যান্ডার্সও জোর দিয়ে বলেন, জুনিয়রের বিবৃতির বক্তব্য ট্রাম্প ‘বলে দেননি’।










