মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রানিংমেট হিসেবে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ানা গভর্নর মাইক পেন্স এর নাম ঘোষণা করেছেন। ম্যানহাটনের একটি হোটেলে এই ঘোষণা দেয়ার সময় পেন্স সম্পর্কে ট্রাম্প বলেন, তার বেছে নেয়া ভাইস প্রেসিডেন্ট একজন ‘খাঁটি’ মানুষ।
সোমবার ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলীয় জাতীয় কনভেনশনে চূড়ান্ত প্রার্থী মনোনীত হওয়ার আগেই মাইক পেন্স এর নাম ঘোষণা করলেন ট্রাম্প।
৫৭ বছর বয়সী এই গভর্নরকে রানিং মেট হিসেবে বেছে নিতে ট্রাম্পের মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল – বারবার বিভিন্ন রিপোর্টে উঠে আসা এমন বক্তব্য পুরোপুরি উড়িয়ে দিয়ে ট্রাম্প জোর গলায় বললেন, পেন্সই সবসময় তার প্রথম পছন্দ ছিলেন।
মাইক পেন্স তার সামাজিক-রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য বেশি পরিচিত। অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি ট্রাম্পকে ‘একজন ভালো মানুষ’ উল্লেখ করে বলেন, ট্রাম্প ‘একজন ভালো প্রেসিডেন্ট’ হবেন।
ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মাইক পেন্স এর নাম ঘোষণা করায় রিপাবলিকান নেতৃবৃন্দ ট্রাম্পের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়েছেন। শান্ত ও অভিজ্ঞ গভর্নর রক্ষণশীল পেন্সের মনোনয়ন সবাইকে সন্তুষ্ট করবে বলে মনে করছেন রিপাবলিকান সমর্থকরা।








