দুঃসংবাদের অপেক্ষা ছিল। কিন্তু সেটা যে এতটা বিকট আকার ধারণ করবে সেটি হয়ত ঘুণাক্ষরেও ভাবেনি বার্সেলোনা। চোটে পড়া নতুন রিক্রুট উসমানে ডেম্বেলেকে যে চার মাসের জন্য হারাতে হল কাতালান ক্লাবটিকে। স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে এমন তথ্যই।
সদ্যগত দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইতিহাসের দ্বিতীয় সেরা দামে ডেম্বেলেকে দলে টানে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু লা লিগায় এসে বাধল বিপত্তি। ফরাসি তারকা গেটাফের বিপক্ষে হ্যামস্ট্রিং চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন মাঠ ছাড়লেন, তখনই দুঃসংবাদের ক্ষণ-গণনার শুরু ন্যু ক্যাম্পে।
শনিবার রাতে গেটাফের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের ২৫তম মিনিটের সময় চোটে মাঠ ছাড়েন ডেম্বেলে। ম্যাচের পরপরই হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। প্রাথমিকভাবে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তিন থেকে চার ঠিকই থাকল, সপ্তাহের জায়গায় কেবল জুড়ে গেল মাস!
রোববার বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ ডেম্বেলের লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার সঙ্গে জানিয়েছে, ফরাসি তারকাকে বাম ঊরুর চোটে শল্যবিদের ছুরির নিচেও যেতে হবে। চলতি সপ্তাহেই ফিনল্যান্ডে সেই কঠিন সময়ের মুখোমুখি হবেন ২০ বছর বয়সী ডেম্বেলে।

শুধু বার্সাই নয়, ডেম্বেলেকে মিস করবে তার জাতীয় দলও। অক্টোবরে বেলারুশ ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে ফ্রান্সের জার্সিতেও নামা হবে না তার।







