ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক তানুর জামিন

সাংবাদিক তানুর জামিনের মামলায় সমর্থকদের প্রতিবাদ ও সমাবেশের ছবি, যেখানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তানভীর হাসান তানুকে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে আবেদন নাকচ করে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি গণমাধ্যমে তানুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইমরান নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক তানভীর হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু।
এ সংবাদ প্রচারের পরই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে মামলার খোঁজখবর নিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় অন্য দুই আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।



