তিনি মূলত বোলার। কিন্তু রোববার পুরোদস্তুর ব্যাটসম্যানরা বনে গেলেন। ডলার মাহমুদ অবশ্য তারপরও দলকে জেতাতে পারেননি। ব্রাদার্সের কাছে ৭১ রানের বড় হারের দিনে বৃথা গেছে খেলাঘরের হয়ে তার ৫৩ রানের ঝকঝকে ইনিংসটি।
ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে খেলাঘরকে ২৬৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ব্রাদার্স। সর্বোচ্চ ৮৪ রান এসেছে মাইশুকুর রহমানের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান এসেছে ফরহাদ হোসেনের থেকে।
আড়াইশর লক্ষ্যও পরে খেলাঘরের কাছে বড় হয়ে গেছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। নাজিমউদ্দীন ছাড়া প্রথমদিকের কোন ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি। ১০০ বলে নাজিমের ব্যাট থেকে এসেছে ৬৮ রান।
শেষ দিকে বল হাতে তিন ওভারে ৩৫ রান দেয়া ডলার মাহমুদ ব্যাট হাতে প্রতিরোধ গড়েছেন। ৫৯ বল খেলে ৩ চার এবং ২ ছয়ে করেছেন ৫৩ রান। আর নির্ধারিত ওভার শেষে ১৯৬ রানে থেমে যায় খেলাঘরের ইনিংস।
চলতি প্রিমিয়ার লিগে এটি ব্রাদার্সের দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলের আটে আছে গোপীবাগের দলটি। ম্যাচ সেরার পুরষ্কার গেছে মাইশুকুর রহমানের হাতে।








