জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফুটবলারদের বহনকারী বাসে বোমা হামলার দায়ে এক সন্দেহভজান ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। জঙ্গিদের সঙ্গে আটক ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে টিম হোটেল ছাড়ার সময় খেলোয়াড়দের বাস লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। হোটেল থেকে মাঠের দূরত্ব ১২ মিনিটের। উদ্ভূত পরিস্থিতিতে মোনাকোর বিপক্ষে কোয়ার্টারের প্রথম লেগের ম্যাচটি পিছিয়ে বুধবারে আনা হয়। হামলায় ডর্টমুন্ডের ডিফেন্ডার ও স্পেন জাতীয় দলের খেলোয়াড় মার্ক বাত্রা আহত হয়েছেন। তার কব্জির হাড়ে অস্ত্রোপচার করতে হয়। তবে ২৬ বছর বয়সী এই ফুটবলার শঙ্কামুক্ত।
জার্মান পুলিশ নিশ্চিত হয়েছে, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বিদেশি নম্বর প্লেটের একটি গাড়ির উপস্থিতি আঁচ করে পুলিশ। সেই গাড়িটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, খেলোয়াড়দের হোটেলের ভেতর পুলিশ ‘কিছু তথ্য’ পেয়েছে। তদন্তের খাতিরে সেটি জানানো হয়নি। এমনকি ওই চিঠিতে কী লেখা আছে সে সম্পর্কেও বিস্তারিত বলা হয়নি।
‘ইসলামি জঙ্গিরা এই হামলা চালাতে পারে’, কয়েকটি বিদেশি গণমাধ্যমে এমন ইঙ্গিত দেয়া হলেও জার্মান পুলিশ নিশ্চিত হতে অভিযান অব্যাহত রেখেছে।







