গত বুধবারের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে টানা তিনটি ইতালিয়ান কাপ জিতেছে জুভেন্টাস। রোববার আরো একটি মাইলফলক অর্জন করল জুভরা। ক্রোটোনকে ৩-০ গোলে হারিয়ে সিরি আ শিরোপা নিশ্চিত করেছে বুফনরা।
এতে ইতালিয়ান ফুটবলে প্রথম দল হিসেবে টানা তৃতীয়বারের মতো ‘ডাবল’ অর্জনের কৃতিত্ব দেখাল জুভেন্টাস।
লিগে ৩৭ ম্যাচ থেকে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমার সংগ্রহ ৮১ পয়েন্ট। ফলে বোলোনার বিপক্ষে তুরিনের ওল্ড লেডি’দের শেষ ম্যাচটা হবে নিছকই আনুষ্ঠানিকতার।
জুভেন্টাসের হয়ে ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল করেন মারিও মানজুকিচ। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। আর ৮৩ মিনিটে শেষ কাজটা করেছেন অ্যালেক্স সান্দ্রো।
এরইমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে জুভেন্টাস। আগামী জুনের তিন তারিখে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ইতালিয়ান কাপ ও সিরি আ জিতে ট্রেবল জয় থেকে একধাপ দূরে বুফনরা।








