শপথ নেয়ার পর থেকে চমক চালু রেখে এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৮ জানুয়ারি) দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হবে।
দুই পরাশক্তির শীর্ষ নেতাদের মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন ও হোয়াইট হাউজ।
কথোপকথনে দুই নেতার মধ্যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দু’দেশের নিরাপত্তা নিয়ে আলোচনার আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন ট্রাম্প।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দুই নেতার ফোনালাপের ব্যাপারটি নিশ্চিত করলেও বড় কোনো চুক্তি কিংবা সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে জানান, রাশিয়ার বিরুদ্ধে জারি করা কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
শপথ গ্রহণের পর দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে সাবেক ওবামা প্রশাসনের সিদ্ধান্ত থেকে মার্কিন প্রশাসনকে সরিয়ে আনছেন ট্রাম্প। বিশ্ব নেতারাও তার সঙ্গে আলোচনায় বসছেন। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম বৈদেশিক দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে আজ শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠকে বসবেন। শনিবার জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গেও কথা বলবেন ট্রাম্প।







