আন্তর্জাতিক

ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ড

ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আগুন লাগার ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন অগ্নিনির্বাপক কর্মী। ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রাম্প টাওয়ারের ৫০ তলা থেকে আগুনের সূত্রপাত।

প্রায় ৩ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আহত কর্মীদের অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউইয়র্ক অগ্নিনির্বাপক মুখপাত্র ড্যানিয়েল নিগ্রো  বলেছেন, ওই নিহত ব্যক্তি ভবনটির ৫০ তলায় থাকতেন। অগ্নিকাণ্ডের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এই ট্রাম্প টাওয়ারে অগ্নিনির্বাপক কোন যন্ত্র ছিল না।

তবে এই ভবনটির ৫৮ তলায়  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা ও অফিস রয়েছে। ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেন, অগ্নিকাণ্ডের সময় ট্রাম্প পরিবারের কেউই টাওয়ারে ছিলেন না। তারা এখন ওয়াশিংটনে।

এদিকে আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্পও টুইট করে নিউ ইয়র্ক পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

টাওয়ার সংলগ্ন সকল সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ট্রাম্প টাওয়ারে মার্কিন প্রেসিডেন্টের অফিস ও অ্যাপার্টমেন্ট রয়েছে। এর আগে জানুয়ারিতে টাওয়ারের ছাদে আগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…