মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, কিম জং উনের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাজি হওয়ার খবরই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নর্থ কোরিয়াকে একঘরে করে ফেলার কৌশল কাজ করছে।
পরমাণু অস্ত্র বিষয়ে ট্রাম্প নর্থ কোরীয় নেতার সঙ্গে বৈঠকে রাজি হওয়ার পর এক বিবৃতিতে মাইক পেন্স বলেছেন, যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়াকে কোনো ছাড় দেয়নি। বরং দেশটির নেতা কিম জং উনের ওপর ধারাবাহিকভাবে চাপ বাড়িয়েছে।
পরমাণু কর্মসূচি বন্ধে সুনির্দিষ্ট, স্থায়ী ও বৈধ পদক্ষেপ না নেয়া পর্যন্ত নর্থ কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে বলেও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
প্রথমবার নর্থ কোরিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের এই ঘোষণা আসার পর হতবাক হয়ে গিয়েছিলেন পর্যবেক্ষকরা। পরে অবশ্য হোয়াইট হাউজ জানায়, এমন কোনো বৈঠক হওয়ার আগে অবশ্যই নর্থকে পরমাণু ইস্যুতে ‘শক্ত পদক্ষেপ’ নিতে হবে।
মাত্র ক’মাস আগেই ট্রাম্প-কিম বাকযুদ্ধ আলোচনার শীর্ষে ছিল। দু’জনই একে অপরকে লক্ষ্য করে অপমানসূচক বক্তব্যের তীর ছুঁড়ছিলেন একের পর এক। কিন্তু সাউথ কোরিয়ার হাতে করে নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্রের কাছে সম্মেলনে অংশ নিয়ে আলোচনায় বসার নিমন্ত্রণ পাঠাতেই এখন রাজি হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় কোনো নর্থ কোরীয় নেতার সঙ্গে সাক্ষাত করেননি।







