যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের চারদিনের জাতীয় সম্মেলনে প্রথম দিন থেকেই চলছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা আর ট্রাম্পকে হারানোর পরিকল্পনা।
বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ দলের অন্যান্য সিনিয়র নেতারা ট্রাম্পের নৈরাশ্যমূলক বক্তব্য এবং তার নির্বাচনী স্লোগানকে লক্ষ্য করেও হিলারি ক্লিনটনের পক্ষে জনমত আদায়ের চেষ্টা করে যাচ্ছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া দ্বিতীয় দিনের সম্মেলনের বক্তৃতায় ওবামা বলেছেন, আমেরিকার স্বপ্নকে কোনো দেয়াল দিয়ে আটকে রাখা সম্ভব না। ট্রাম্পের নীতিরও তিরস্কার করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে ওবামা বলেন, হোয়াইট হাউজের দায়িত্ব নেয়ার জন্য হিলারি ক্লিনটনই এখন পর্যন্ত সবচেয়ে যোগ্য প্রার্থী।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, হিলারি আর ট্রাম্পের মধ্যে বেছে নেয়া মানে হলো আশা আর ভয়ের মধ্য থেকে একটিকে বেছে নেয়া। তাই ওবামাকে জনগণ যেভাবে সমর্থন দিয়েছেন, হিলারিকেও যেন সেভাবেই সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যান।
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প নির্যাতনকে সমর্থন করেন, ধর্মীয় অসহিষ্ণুতাকে উস্কানি দেন এবং এভাবে আমেরিকার রাষ্ট্রীয় মূল্যবোধের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর (আমেরিকাকে আবার মহান করুন)
তিরস্কার করে বাইডেন বলেন, ‘তার (ট্রাম্পের) কোনো ধারণাই নেই আমেরিকা কীসে মহান হয়।’
সম্মেলনের দ্বিতীয় দিনে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন।
এরপর বক্তৃতায় তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে বের হওয়া একটা কথাও বিশ্বাস করা ঠিক নয়। ট্রাম্পের মুখভঙ্গিও অনুকরণ করে দেখান তিনি।









