আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে দাম্পত্য জটিলতা ‘গুজব’: মেলানিয়া

ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়া-গুজব

স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দাম্পত্য জীবনে জটিলতা চলছে – আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়া এমন গুজবকে ‘গুজব’ হিসেবেই উড়িয়ে দিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি বলেছেন, স্বামীর বিরুদ্ধে ওঠা বিয়ে বহির্ভূত সম্পর্ক তার চিন্তার বিষয় নয়। কারণ তার আরও বহু দরকারি কাজ আছে।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তাদের বৈবাহিক জীবন নিয়ে গণমাধ্যমে ছড়ানো বিষয়গুলো ‘অপ্রীতিকর’ বলেও ফার্স্ট লেডি মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন কিনা- এ প্রশ্নের জবাবে মেলানিয়া বলেন, ‘হ্যাঁ, আমরা ভালো আছি।’

সম্প্রতি পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলস এবং সাবেক প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগাল অভিযোগ তুলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অতীতে তাদের যৌন সম্পর্ক ছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমা, গণমাধ্যমে কাদা ছোড়াছুড়ি- সবই হয়েছে।

ট্রাম্প অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার কোনোরকম বিয়ে বহির্ভূত সম্পর্ক নেই।

সাক্ষাৎকারে মেলানিয়া ট্রাম্প বলেন, তিনি তার স্বামীকে ভালোবাসেন  এবং গণমাধ্যমে তাদের সম্পর্কটাকে সবসময় ঠিকভাবে দেখানো হয় না।

‘এটা (ট্রাম্পের বিয়ের বাইরে সম্পর্কের অভিযোগ) নিয়ে আমি চিন্তাও করি না গুরুত্বও দেই না। আমি একজন মা এবং একজন ফার্স্ট লেডি। সুতরাং আমার ভাবার এবং করার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।’

ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়া-গুজব
আফ্রিকা সফরে এবিসি নিউজকে একান্ত সাক্ষাৎকার দেন মেলানিয়া ট্রাম্প

‘আমি জানি কোনটা ঠিক, কোনটা সত্যি আর কোনটা সত্যি না,’ বলেন তিনি।

গত সপ্তাহে চার আফ্রিকান রাষ্ট্র সফরে থাকাকালে মেলানিয়া ট্রাম্পের এ সাক্ষাৎকার নেয় এবিসি। ওই সময় ট্রাম্পের আইনজীবী রুডি গিউলিয়ানির করা মন্তব্যের ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান ফার্স্ট লেডি। গিউলিয়ানি বেশ ক’বারই গণমাধ্যমে বলেছেন, মেলানিয়া ট্রাম্প স্ট্রর্মি ড্যানিয়েলসের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যই বিশ্বাস করেন।

‘আমি কখনো গিউলিয়ানির সঙ্গে কথা বলি না,’ বলেন ট্রাম্পপত্নী।

তবে যারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছে তাদেরকে অবশ্যই দাবির পক্ষে ‘খুবই শক্ত প্রমাণ’ দেখাতে হবে বলে মন্তব্য করেন মেলানিয়া ট্রাম্প।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…