নিষেধাজ্ঞা স্বত্ত্বেও আমেরিকায় সিরিয়ান নির্মাতা
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার শিকার হওয়ার আশঙ্কায় ছিলেন আসন্ন অস্কারে ‘দ্য কেভ’-এর জন্য মনোনীত সিরিয়ান নির্মাতা...

সিরিয়ান নির্মাতা আমেরিকায় বক্তৃতা দিচ্ছেন, চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিরিয়ান নির্মাতা ফেরাস ফায়াদ ‘দ্য কেভ’ ছবির জন্য এবছর সেরা ডকুমেন্টারি বিভাগে মনোনয়ন পেয়েছেন। কিন্তু ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অস্কারের অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিলো অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত অস্কারে যোগ দিতে আমেরিকায় পা রেখেছেন সেই নির্মাতা।
গত দশ দিন আগে অস্কার অ্যাওয়ার্ডে যোগ দিতে আমেরিকার ভিসার জন্য আবেদন করেন ফেরাস, কিন্তু তখন তার আবেদন বাতিল করে দেয়া হয়। এরপর আবারও ভিসার জন্য আবেদন করে সফল হন এই নির্মাতা।
ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকরা এবং ভেনিজুয়েলার কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের স্বজনরা যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। একারণে শিল্পীদের নানা অসুবিধায় পড়তে হচ্ছে।
২০১৮ সালেও অস্কারের অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন সিরিয়ান নির্মাতা ফেরাস ফায়াদ। তবে শেষ মুহূর্তে অনুষ্ঠানের জন্য ভিসা পেয়েছিলেন তিনি। সেই বার তিনি ‘লাস্ট ম্যান ইন আলেপ্পো’ ছবির জন্য সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।
‘দ্য কেভ’-এর জন্য গেল ডিসেম্বরে আমেরিকায় আরো একটি চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিলেন ফেরাস ফায়াদ। তখনও তিনি আমেরিকার ভিসার জন্য আবেদন করেন, কিন্তু তার আবেদন বাতিল করা হয়।
এর আগে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন অনেকেই। ২০১৭ সালে ইরানি নির্মাতা আসগর ফরহাদি অস্কার অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। সেই বার তিনি ‘দ্য সেলসম্যান’ ছবির জন্য অস্কার জিতেন। তার হয়ে অস্কারের ট্রফিটি গ্রহণ করেন ইরানি-আমেরিকান ফিরৌজ নাদেরি এবং আনুশেহ আনসারি। ২০১৩ সালেও তিনি ‘এ সেপারেশন’র সেরা বিদেশী ভাষার ছবির ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন।
৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।






