মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের চিন্তাধারাকে ‘গোঁড়ামি’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জাইদ রাদ আল-হুসেইন।
সরাসরি ট্রাম্পের নাম না নিলেও মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনে এই ব্যবসায়ীর সমর্থনকে তিনি যেভাবে আলাদা করে উল্লেখ করেছেন, তাতে কারো বোঝার বাকি থাকেনি যে তিনি ট্রাম্পের কথাই বলছেন। তার সম্পর্কে আল-হুসেইন বলেন, ‘গোঁড়ামি দৃঢ় নেতৃত্বের পরিচায়ক নয়।’
এছাড়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষ নজরদারির ব্যাপারে ট্রাম্পের প্রতিপক্ষ টেড ক্রুজের পরিকল্পনারও সমালোচনা করেন এই হাই কমিশনার। যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি।
আল-হুসেইন বলেন, ‘অন্যদের’ উদ্দেশ্য করে ঘৃণাবাচক কথা, উস্কানি ও প্রান্তিকীকরণ কোনো ধরণের চাপা
বিনোদন অথবা রাজনৈতিক মুনাফা আদায়ের কোনো সম্মানজনক মাধ্যম নয়।
তিনি বলেন, ‘এই দেশের একজন প্রথম সারির প্রেসিডেন্ট পদপ্রার্থী মাত্র কয়েক মাস আগেই তথ্য বের করার জন্য বা যে তথ্য জানা নেই সেটাও স্বীকার করানোর জন্য মানুষকে অসহনীয় যন্ত্রণাদায়ক নির্যাতন করার পক্ষে সোৎসাহী সমর্থন দিয়েছেন।’
এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেছিলেন ‘অত্যাচারে কাজ হয়’। তিনি ‘ওয়াটারবোর্ডিংয়ের চেয়েও ভয়াবহ নির্যাতন পদ্ধতি’ ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।
‘ওয়াটারবোর্ডিং’ আটক ব্যক্তির কাছ থেকে তথ্য বের করার একটি বিশেষ ধরণের নির্যাতন কৌশল। এটিসহ আরো বহু নির্মম জিজ্ঞাসাবাদ কৌশল আগে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও তদন্ত বাহিনীগুলো সন্দেহভাজন ব্যক্তিদের ওপর ব্যবহার করতো। ওবামা প্রশাসন এসে সেগুলোর প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করে।







