রোমান্টিক কোনো চরিত্রে নয়! তৌসিফ মাহবুবকে এবার দেখা যাবে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে। যিনি রাজধানীর বিভিন্ন ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে যানজট ও পথচারী চলাচলে সবসময় তৎপর থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহন সামলাতে তার পরিশ্রম করতে হয়।
কয়েক বছরের ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে কাজ করলেও তৌসিফের জন্য ট্রাফিক পুলিশ চরিত্রটি একেবারে নতুন অভিজ্ঞতা। চ্যানেল আই অনলাইনকে তৌসিফ বলেন: ট্রাফিক পুলিশের স্বার্থেই গল্পটা সাজানো হয়েছে। আর ট্রাফিক পুলিশের সিগন্যালের অংশগুলো রাজধানীর বিভিন্ন যানজটপূর্ণ এলাকায় শুটিং করা হয়েছে।
এরমধ্যে রয়েছে কারওয়ানবাজার, সোনারগাঁও মোড়, সাতরাস্তা, মগবাজার, হাতিরঝিলের সিগন্যাল।
তৌসিফ আরো বলেন: শুটিং করতে গিয়ে সত্যি সত্যি রাস্তায় গাড়ি থামিয়েছি। আর ভ্যারিয়েশন আনার জন্য আমাকে বিভিন্ন সিগন্যালে যেতে হয়েছে। অভিজ্ঞতা নতুন হলেও রাস্তায় বের হলেই এই চরিত্র দেখা যায়। চেনা চরিত্রের ভূমিকায় অভিনয় করতে তাই খুব একটা সমস্যা হয়নি। একটা জিনিস বুঝেছি, গায়ে পোশাক আর হাতে বাঁশি থাকলে মানুষ কথা শোনে।
শুটিংয়ের আগে তৌসিফের চুল ছিল বড়। ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য শুটিংয়ের দিন সকালে লম্বা চুল ফেলে ছোট করেছেন তিনি। বললেন, নাটকের গল্পটা একজন ট্রাফিক পুলিশের জীবন নিয়েই। সেজন্য চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে চুল ছোট করা ছাড়া উপায় ছিল না। সবমিলিয়ে কাজটা খুব ভালো হয়েছে।
তৌসিফ অভিনীত এই নাটকটি নাম ‘সিগন্যাল’। নাটকে তার বিপরীতে দেখা যাবে মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে। নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন বিদ্যুৎ রায় এবং পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। প্রযোজনায় আছেন মোজাফফর দীপু। আগামি ৪ মে (শুক্রবার) বিকাল ৩টা ০৫ মিনিটে ‘সিগন্যাল’ নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে।








