টি-টুয়েন্টির হাত থেকে টেস্ট ক্রিকেট রক্ষা করতে ম্যাচফি বাড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তরুণ ক্রিকেটাররা যেন টাকার লিগে গা ভাসিয়ে না দেয়, সেজন্যই সাঙ্গার এই আহ্বান।
টি-টুয়েন্টির প্রতি সাঙ্গাকারার কোনো ক্ষোভ নেই। তিনি বরং এই ফরম্যাটের ক্রিকেটকে সমর্থন করেন। তার শঙ্কা শুধু টাকার ঝনঝনানি নিয়ে।
‘নিজেকে চেনাতে টি-টুয়েন্টি আদর্শ জায়গা। কিন্তু কিছু নেতিবাচক বিষয়ও আছে। অনেক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক খেলা বাদ দিয়ে টি-টুয়েন্টিতে মন দেয়। বিষয়টি ঠেকাতে হলে টেস্টের পারিশ্রমিক বাড়ানোর বিকল্প নেই।’
সাঙ্গা বলেন, ‘শীর্ষ দেশগুলো নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়। কিন্তু সব টেস্ট খেলুড়ে দেশ সেটা পায় না।’
সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগগুলো এখনো খেলছেন।
তার কাছে টি-টুয়েন্টি খেলাই নাকি সবচেয়ে সহজ মনে হয়, ‘আমার বয়সে টি-টুয়েন্টিই সহজতম খেলা। কিন্তু বুঝতে হবে টেস্ট অন্য বিষয়। ক্রিকেট টিকিয়ে রাখতে হলে টেস্টও ধরে রাখতে হবে।’







