চোটের কারণে ইমরুল কায়েস ছিটকে যাওয়ায় শুক্রবার মিরপুরে সাদমান ইসলাম অনিকের টেস্ট অভিষেক নিশ্চিত হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সৌম্য সরকারের ওপেনিং পার্টনার হবেন এ বাঁহাতি।
সাদমানের অভিষেক নিয়ে রোমাঞ্চিত সাকিব আল হাসান। অধিনায়কের প্রত্যাশা, সুযোগ পেলে সাদমান যেন অবদান রাখতে পারেন দলের জয়ে।
‘সাদমান টেস্ট ক্রিকেটের জন্য খুবই আশাজাগানিয়া একজন ব্যাটসম্যান। ওর খেলার ধরন যতটুক দেখেছি এবং শুনেছি, টেস্ট ক্রিকেটের সাথে খুব মানানসই। ও(সাদমান) যদি সুযোগ পায়, আশা করবো যেন দলের জয়ে ভূমিকা রাখতে পারে।’
জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সাদমান সুযোগ পান ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রামে দুইদিনের প্রস্তুতি ম্যাচে, বিসিবি একাদশের হয়ে খেলার। এমএ আজিজ স্টেডিয়ামের ২২ গজে ১৬৯ বলে ৭৩ রানের ইনিংসে কোচ-নির্বাচকদের আস্থা অর্জন করে তৃতীয় ওপেনার হিসেবে চলে আসেন সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে।
চট্টগ্রাম টেস্টে সাদমান ছিলেন বাংলাদেশের দ্বাদশ খেলোয়াড়। দ্বিতীয় টেস্টের দল থেকে ইমরুল বাদ পড়ায় অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছে তার। অনূর্ধ্ব-১৯, ‘এ’ দল, এইচপি, বিসিবি একাদশ, নানা ধাপ পেরিয়ে স্বপ্নপূরণের পথে সাদমানের এখন একরাত অপেক্ষা।







