চট্টগ্রাম থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ছেড়েছেন। তামিম ইকবাল টি-টুয়েন্টি থেকে নিয়েছেন ৬ মাসের বিরতি। গুঞ্জন, সংক্ষিপ্ত সংস্করণে আর ফিরবেন না তিনি। একে একে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা নিজেদের গুটিয়ে নিচ্ছেন। সবক্ষেত্রে খেলোয়াড়রা যে স্বেচ্ছায় সরে যাচ্ছেন এমনও নয়। ক্রিকেট বোর্ডের চাপও থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই।
সেই ধারাবাহিকতায় শোনা যাচ্ছিল মুশফিককে টি-টুয়েন্টি খেলতে নিরুৎসাহিত করছে বিসিবি। মুশি টি-টুয়েন্টি ছেড়ে দেয়ার মতো সিদ্ধান্তে যেতে পারেন, এমন কথাও ভাসছিল। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি নিজের ভাবনা সরাসরিই জানিয়ে দিলেন।
তামিমের মতো টি-টুয়েন্টি থেকে সরে যাওয়ার ভাবনা আছে কিনা; এমন প্রশ্নে মুশফিক বললেন, ‘না, আমার এমন কোনো ভাবনা নেই, আমার ইচ্ছা বাংলাদেশের হয়ে যতটুকু ম্যাচ খেলার আমার কাছে সুযোগ আসবে, এবং আমাকে তারা যেভাবে চাইবে, চেষ্টা করে যাবো আমার ফিটনেস আর পারফরম্যান্স দিয়ে সেই সুযোগ ধরে রাখার।’
সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পর মুশফিককে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ দেয়া হয়। যদিও বলা হয়েছিল বিশ্রাম দেয়ার কথা। পরে মুশফিক নিজেই জানান তিনি বাদ পড়েছিলেন।







