লক্কড়-ঝক্কড় লোকাল বাস থেকে নামলেন জাহানারা আলম। একে একে নামলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্য সদস্যরাও। এশিয়া কাপের ফাইনালে শেষ বলে ২ রান নিয়ে বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে প্রথম কোনো শিরোপা এনে দেয়া মেয়েদের লোকাল বাসে চেপে অনুশীলনে যাওয়া সমালোচনার ঝড় তুলেছে।
তাতে ‘জাতীয় লিগে ৬০০ টাকা ম্যাচ ফি’ শিরোনাম হওয়ার পর নতুন করে আলোচনায় দেশের নারী ক্রিকেট। আর্থিক অস্বচ্ছলতা, সুযোগ-সুবিধার অভাব ও টানা ম্যাচ খেলার সুযোগ না পাওয়া এমনিতেই তাদের পিছিয়ে দিচ্ছে। অভিযোগ উঠছে আরও সব অবহেলারও।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েদের নিয়ে প্রশংসার ঝড় বয়ে গেছে সারাদেশে। তাদের স্বাগত ও অভিনন্দন জানাতে রাজধানীর পাঁচতারকা হোটেলে হাজির হয়েছিলেন ক্রীড়াঙ্গনের কর্তাব্যক্তিরা। আনন্দে-গর্বে ছুটে গিয়েছিলেন সাকিব-মুশফিকরাও। সবার অভিনন্দনে সিক্ত সেই সালমা-রুমানাদের ঈদের ছুটি কাটিয়ে মাঠের প্রস্তুতি শুরু হতেই সামনে এলো পুরনো অবস্থাই।
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব সন্নিকটে থাকায় প্রস্তুতি নিতে চারদিনের অনুশীলন ক্যাম্পের জন্য মেয়েরা সোমবার যায় চট্টগ্রামে। মঙ্গলবার ক্যাম্পের প্রথমদিন এশিয়ার সেরা দলকে টিম হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য দেয়া হয় লোকাল বাস। এনিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হলে বুধবার দুপুরে মেয়েদের মাঠ থেকে হোটেলে আনার জন্য ভাড়া করা হয়েছে তিনটি মাইক্রোবাস।
মেয়েদের পরিবহনে শুরুতে লক্কড়-ঝক্কড় লোকাল বাস ভাড়া করা হল কেনো? এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘ঈদের সময় পরিবহন সংকট থাকে। মাত্র ১০ মিনিটের দূরত্বের জন্য এসি বাস ভাড়ায় না পাওয়ায় সাধারণ পরিবহনে তাদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আমরা মেয়েদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কাজ করছি। মেয়েদের বেতন বাড়ানোর প্রস্তাব উঠবে আগামী বোর্ড সভায়। আমরা দেখছি।’
বিষয়টি নিয়ে উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সমন্বয়হীনতার পাশাপাশি বাজেটের স্বল্পতাকেও দায়ী করলেন।
জানা গেছে, ঈদে পরিবহন সংকট থাকায় এসি বাসের ভাড়া কয়েকগুণ বেশি চাওয়ায় ও বাজেটের স্বল্পতা থাকায় সাধারণ একটি বাসেই ব্যবস্থা করা হয়েছে মেয়েদের মাঠে যাওয়ার।
নেদারল্যান্ডসে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ৭ জুলাই। তার আগে তিন ম্যাচের সিরিজ খেলতে ২৩ জুন স্কটল্যান্ড যাবে বাংলাদেশের মেয়েরা। তারই প্রস্তুতি নিতে চট্টগ্রামে চারদিনের অনুশীলন ক্যাম্প আয়োজন করেছে বিসিবির উইমেন্স উইং। চট্টগ্রামে বৃহস্পতিবার পর্যন্ত মেয়েদের ক্যাম্প চলার কথা থাকলেও গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সফর সংক্ষিপ্ত করে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা হয়েছেন সালমাবাহিনী।
বুধবার সন্ধ্যা সাতটায় এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এর আগে দেশে ফেরার পরই রাজধানীর একটি হোটেলে সংবর্ধনা দেয় বিসিবি। নারী দলকে দেয়া হয় ২ কোটি টাকা অর্থ পুরস্কার।
উইমেন্স উইংয়ের দেখভালের দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম জানালেন, স্কটল্যান্ড যাওয়ার আগে ঢাকায় এক-দুইদিন অনুশীলন করানোর পরিকল্পনা আছে মেয়েদের।







