টাঙ্গাইলে চাকা ফেটে মহাসড়কে উল্টে গেছে তেলবাহী ট্রাক। এতে ট্রাকে থাকা সয়াবিন তেলের ড্রাম ও ড্রাম থেকে তেল পড়ে মহাসড়কে পরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
চালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত সড়িয়ে নেয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যেটুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুতই বালু ফেলা হবে। এছাড়াও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। তবে দুর্ঘটনার কারণে মহাসড়কের কোন যানজটের সৃষ্টি হয়নি।







