পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলের বাসাইলের দু’টি বিলের প্রায় ছয় হাজার একর জমিতে ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। এতে চরম ক্ষতির শিকার হচ্ছেন প্রান্তিক কৃষকরা।
বাসাইলের বার্তাবিল ও ব্যাংরাবিল কৃষকের কাছে পরিণত হয়েছে এক মরন ফাঁদে। এ দুটি বিলের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালটি দিনে দিনে বেদখল হয়ে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। বর্ষা মৌসুমে এ বিলে পানি প্রবেশ করার পর তা আরা কোনোভাবে বের হতে পারে না।
একসময় এ এলাকায় ধান, পাট, সরিষা আবাদ হতো। এখন শুধু বোরো ছাড়া কোনো ফসল আবাদ করতে পারছে না এ এলাকার কৃষকরা। কৃষকরা বলছেন, জলাবদ্ধতার কারণে এখানে আর কোনো ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বিলগুলোর পানি নিষ্কাষন করা গেলে আগের মতো ধান-পাটসহ সরিষা আবাদ করা যাবে।
টাঙ্গাইল বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিন বলেন, চেষ্টা করা হচ্ছে খালটি কেটে যাতে আটকে থাকা পানি বের করা যায়। পানি বের হলে এখানে কৃষকরা তিনটি ফসল অনায়াসে আবাদ করতে পারবে। খালটি উদ্ধারে সব ধরনের উদ্যোগে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।






