টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এসময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
শুক্রবার সকালে রাজাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এলেঙ্গা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। বাধা উপক্ষো করে কিছু সময়ের জন্য মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে পুলিশের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।
গত ২৪ জুন বিকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সবুজ, সজীব, রাফিসহ ১৫-২০ জনের একদল যুবক এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র হৃদয়ের উপর পৈশাচিকভাবে নির্যাতন করে। এসময় তারা রড, স্ট্যাম্প ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হৃদয়কে গুরুতর আহত করে। বর্তমানে সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।







