টাঙ্গাইল-৪ উপনির্বাচনে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন শেষে কাদের সিদ্দিকী বলেন, শিক্ষা মানুষের মৌলিক ও জন্মগত অধিকার। অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ করেছেন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সর্বোচ্চ ৭৮ হাজার টাকা নির্ধারণ করেছেন কিন্তু নিম্নপদস্থ কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয়েছে মাত্র ৮ হাজার টাকা।
তিনি অর্থমন্ত্রীর সাম্প্রতিক সময়ের কর্মকান্ডের জন্য অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক।
এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবীরের সহধর্মিনী বেগম নাসরিন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, সাংগনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ অনেকে।







