টাঙ্গইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার বিকেলে এক অজ্ঞাত মহিলার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মহিলাকে হাপাতালের জরুরী বিভাগে রেখে আগতরা পালিয়ে যায় বলে জানিয়েছে হাসপাতাল ও থানা কর্তৃপক্ষ।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক জাহিদুজ্জামান জুয়েল চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে একদল লোক আনুমানিক ২৫ বছর বয়স্ক মাথায় আঘাতপ্রাপ্ত এক মহিলাকে জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় আগতরা জনায় মহিলাটিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের শিংগুরিয়া নামকস্থানে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসেছে।
“আমরা রোগীর প্রাথমিক চিকিৎসা দেওয়ার কোন এক ফাঁকে রোগীর সাথে আগত সকলেই হাসপাতাল ছেড়ে চলে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে মহিলাকে অজ্ঞাত পরিচয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৮ নং বেডে স্থানান্তর করি। চিকিৎসা চলাকালীন অবস্থায় ৫টার দিকে মহিলাটি মারা যায়।”
মহিলার কোন স্বজন না আসা এবং তাকে হাসপাতালে নিয়ে আসা আগতদের পালিয়ে যাওয়ার কারণে মহিলার মৃত্যু নিয়ে সন্দেহ হলে থানায় খবর দেয়া হয় বলে জানান তিনি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবির চ্যানেল আই অনলাইনকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহিলাটির কোন স্বজনের খোঁজ না পাওয়া এবং মহিলাকে রেখে আগতদের চলে যাওয়ার কারণে তার মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।






